২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির দুটি অনুষদে ধর্মঘট চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে ক্যাম্পাসের দুটি অনুষদে ধর্মঘট করছে তিনটি প্রধান বামপন্থী ছাত্র সংগঠনসহ ওই বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 02:15 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার সকাল থেকেই ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্রফেডারেশনসহ রাষ্ট্রবিজ্ঞানের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রধান ফটকগুলোতে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করছে।

কলা ভবনের প্রধান গেটসহ মোট চারটি গেট এবং সমাজবিজ্ঞান ভবনের একটি গেইটে তালা ঝুলিয়ে কয়েকদফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

চলতি বছর থেকেই ‘মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ’ নামে দেড়বছর মেয়াদী সান্ধ্যকালীন কোর্স চালুর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, যার কোর্স ফি ধরা হয়েছে ৯০হাজার টাকা।

এমন উদ্যোগ নেয়ার পর থেকেই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো তার বিরোধিতা করে আসছে।তাদের বাধার মুখে এর আগেও কয়েকবার নির্দিষ্ট সময়ে কোর্স চালু থেকে পিছিয়ে যায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র্রফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক নেই।বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাজ গবেষণা করা। ছাত্রদের সঙ্গে জ্ঞানের আদান-প্রদান করা।

“ক্লাসের বাইরেও একজন শিক্ষককে নানা প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয়।এটা করতে গিয়ে মূল কাজ বিঘ্ন ঘটাই স্বাভাবিক। ফলে সান্ধ্যকালীন কোর্স নেওয়ার সুযোগ পান কিভাবে? এটা আমাদের বোধগম্য নয়। এছাড়াও শিক্ষাকে পণ্য করতে পারি না। শিক্ষা সবার, টাকার বিনিময়ে শিক্ষা, এ নীতি আমরা মানি না।”