মুন্সীগঞ্জে লঞ্চ ডুবি: আরো এক লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনায় লঞ্চ ডুবির আট দিন পর আরো এক লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৫৮ লাশ উদ্ধার করা হল।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় নদীর দৌলতদিয়া তীরে লঞ্চ ডুবির অংশ থেকে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়।
কল্পনা আক্তার (১৩) কেরানীগঞ্জের রুহিতপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। তার বাবা কাঠ মিস্ত্রী বাবা আব্দুল করিম। তারা ঢাকার নাবাবগঞ্জের দরিকান্দা গ্রামের বাসিন্দা।
এসব তথ্য দিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, সরকারি হিসাবে আরও চার ব্যক্ত নিখোঁজ রয়েছে। তাই উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত ১৫ মে বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুরের কাছে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ দুই শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় ডুবে যায়। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাচ্ছিল।
