বগুড়ায় পুলিশের অপহরণ বিরোধী স্কোয়াড
জেলায় অপহরণ প্রতিরোধ ও প্রতিহত করার জন্য বগুড়ায় পুলিশের একটি ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’ গঠন করা হয়েছে।
বুধবার সাত সদস্যের এ স্কোয়াডটি গঠন করা হয় বলে জানান বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. গাজিউর রহমান।
গাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের এ বিশেষ টিম জেলার বিভিন্ন এলাকায় যে কোনো অপহরণের ঘটনা জানামাত্র তৎক্ষণাৎ ভিকটিমকে উদ্ধারের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে।
অপহরণ প্রতিরোধেও এ স্কোয়াড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সদস্যরা হলেন সহকারী পুলিশ সুপার (সদর) মো. গাজিউর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, ডিবির এসআই মো. আরিফুর রহমান, সদর থানার এসআই মো. আনোয়ার হোসেন ও উপশহর ফাঁড়ির এএসআই মো. মিজানুর রহমান।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক জানান, ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’ মানুষের মাঝে আস্থা ফিরিয়ে এনে অপহরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো জানান, কোথাও পুলিশের টিম সিভিলে অথবা পোশাকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে তারা অবশ্যই পরিচয়পত্র সংগে নিয়ে যাবে।
কোনো পুলিশ সদস্যের পরিচয় নিয়ে কারো সন্দেহ হলে তাদের সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে বলার আহ্বান জানান এসপি।
এসপি আরো বলেন, কোথাও কেউ অপহরণের বিষয়ে জানতে পারলে সঙ্গে সঙ্গে তা ০১৭১৩-৩৭৪০৫৭ বা ০১৭১৩-৩৭৪০৫৮ ফোন নম্বরে অথবা seniorasphqbogra@police.gov.bd বা
aspacirclebogra@police.gov.bd মেইলে জানানোর আহ্বান করা হয়েছে।
