২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 12:01 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে দুদকের করা এসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ছিল।

আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৯ জুন এ মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রাখেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ বাসুদেব রায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে এদিন হাজির হননি খালেদা জিয়া। মামলার আসামি ও খালেদার বড় ছেলে তারেক রহমান তার আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে হাজিরা দিয়েছেন। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলা সংক্রান্ত দুটি রিট আবেদনের বিষয়ে আগামী রোববার হাই কোর্টের আদেশ দেয়ার কথা রয়েছে বলে তারা সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখার আবেদন জানান।

“বিচারক ১৯ জুন এই মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রেখেছেন।”

গত ১৯ মার্চ খালেদা জিয়ার উপস্থিতিতে দুই মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ বাসুদেব রায়। এরপর ওই বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১২ মে হাই কোর্টে দুটি আবেদন করেন খালেদা।

গেজেট না করে সাধারণ আদেশে দেয়া ওই বিচারকের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না- রিট আবেদনে সেই আদেশ চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। পাশাপাশি বিচারিক আদালতে মামলা দুটির কার্যক্রমে স্থগিতাদেশও চাওয়া হয়েছে।

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ২০১১ সালে এবং জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালে মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার অপর আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ্যে হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। খালেদাসহ বাকি দুই আসামি জামিনে রয়েছেন।

আর এতিমখানা ট্রাস্ট মামলার অপর আসামিরা হলেন- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

তারেক রহমান উচ্চ আদালতের জামিনে গত পাঁচ বছরের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন। সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আছেন জামিনে। বাকি দুজন পলাতক।

পুরনো খবর:

দুর্নীতির ২ মামলায় খালেদার বিচার শুরু