সিলেটে মাইক্রোবাস চাপায় ২ মাদ্রাসা ছাত্র নিহত
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস চাপায় দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
বুধবার সকাল ৯ টায় মহাসড়কের নাজিরবাজার এলাকার এ দুর্ঘটনায় মাইক্রোবাসের চার যাত্রীও আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফরহাদ হোসেন (৮) ও শাহরান আহমদ (৮) নাজিরবাজার দারুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। তাদের বাড়ি ওসমানীনগরের কেশবপুর গ্রামে।
ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে পথচারী মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই ছাত্র মারা যায়।
চাপা দেয়ার পর নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
ঘটনাস্থলে পুলিশ ও দক্ষিণ সুর্মা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদেরকে শান্ত করলে আড়াইঘন্টা পর মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
