চট্টগ্রামে গুজবে ভোট কেন্দ্রে হামলা
চট্টগ্রামের বোয়ালখালীতে পৌর নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্র দখলের ‘গুজবে’ একটি কেন্দ্রে হামলা চালিয়ে দুই পুলিশ ও আনসার সদস্যকে আহত করেছে এক মেয়র প্রার্থীর সমর্থকরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকার মতিউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলায় পুলিশ কনস্টেবল ইব্রাহীম ও আনসার সদস্য সুপন দাশ আহত হন।
তাদের কাছ থেকে ১০ রাউন্ড কার্তুজসহ একটি রাইফেল লুট হলেও পরে তা ফেরত পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে ওই কেন্দ্রে মেয়র প্রার্থী জহুরুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হকের সমর্থকরা জোর করে কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারছিল বলে গুজব ওঠে।
ওই সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আবুল কালাম আবুর সমর্থকরা গিয়ে কেন্দ্রে হামলা চালায় ও অস্ত্র লুট করে।
পটিয়া সার্কেলের এএসপি শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ভুল বুঝতে পেরেছে।”
তিনি আনসার ও পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “নিয়ে যাওয়া অস্ত্র ও গুলি ফেরত দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
বোয়ালখালী পৌরসভার নির্বাচন হবে বুধবার। এতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুজন মেয়র প্রার্থী অংশ নিচ্ছেন। এছাড়া আটটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৮৮ জন।
