২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে নাম ভাঁড়িয়ে দেশ ছাড়েন তাজউদ্দিন’

২১ অগাস্ট গ্রেনেড মামলার আসামি তাজউদ্দিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে ভুয়া নামে বাংলাদেশ থেকে পাকিস্তানে যান বলে আদালতে বলেছেন এক সাক্ষী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 12:31 AM

Updated : 25 Apr 2022, 04:12 PM

শেখ হাসিনাকে হত্যা করতে পরিকল্পনাকারী ও গ্রেনেড সরবরাহকারী হিসেবে অভিযুক্ত তাজউদ্দিনের দেশ ছাড়ার বিষয়ে এই সাক্ষ্য দেন ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা সৈয়দ মনিরুল ইসলাম।

তিনি মঙ্গলবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তার জবানবন্দি নেয়ার পর বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২৬ ও ২৭ মে তাকে জেরা করার দিন ঠিক করে শুনানি মুলতবি করেন।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বিশেষ এজলাসে মামলার ৮৪ তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মনিরুল।

শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার দুই বছর পর ২০০৬ সালে ঢাকায় ডিজিএফআইয়ের সিটিআইবিতে যোগদান করেছিলেন মনিরুল, যার দায়িত্ব ছিল সন্ত্রাসবাদ নির্মূলে তথ্য সংগ্রহ করা।

২০০৫ সালের অক্টোবরে র‌্যাবের হাতে আটক হুজি নেতা মুফতি আব্দুল হান্নান টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে গ্রেনেড সরবরাহকারী হিসেবে তাজউদ্দিনের নাম বলেছিলেন বলে এই সাক্ষী জানান।

বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ছোটভাই তাজউদ্দিনের অনুপস্থিতিতে তার বিচার চলছে। সালাম পিন্টু গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মুফতি হান্নানের স্বীকারোক্তির পর ২০০৬ সালের অক্টোবরে তাজউদ্দিনকে ডিজিএফআই কার্যালয়ে আনা হয়েছিল বলে মনিরুল জানান।

তিনি বলেন, ডিজিএফআইয়ের সেইফ হোমে ব্রিগেডিয়ার জেনারেল আমিন, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোর্য়াদার তাকে জিজ্ঞাসাবাদ করেন।

“জিজ্ঞাসাবাদের পর লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল আমিন মোবাইলে কিছুক্ষণ আলাপ করেন। পরে এসে তারা পরস্পর বলাবলি করেন মাওলানা তাজউদ্দিনকে বাইরে পাঠিয়ে দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন।”

মনিরুল বলেন, “এর দুদিন পর তাজউদ্দিনের ছবি নিয়ে ‘বাদল’ নামে একটি পাসপোর্ট ও বাংলাদেশ বিমানে করাচি যাওয়ার টিকিট এবং বোর্ডিং কার্ড দেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল জেয়ারদার। সেই সঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার মিজানকে দায়িত্ব দেয়া হয় তাজউদ্দিনকে বিমানে তুলে দেয়ার।”

তৎকালীন ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ এসব কাজ করা হয়েছিল বলে দাবি করেন মেজর মনিরুল।

এই মামলায় মনিরুলসহ মোট সাক্ষী ৫৮২ জন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ আসামি ৫২ জন।

আসামিদের মধ্যে ২৫ জনকে কারাগারে রয়েছেন। ১৯ আসামি পলাতক।