ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে, আইন চূড়ান্ত
গাজীপুরে প্রতিষ্ঠিত হচ্ছে শিক্ষা ও গবেষণাধর্মী বাংলাদেশের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যাতে বিভিন্ন ধরনের তাত্ত্বিক ও প্রয়োগিক গবেষণা গুরুত্ব পাবে।
বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইনের খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আইনটি পাস হলেই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে উদ্যোগ নেয়া হবে।
আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল বিশ্ববিদ্যালয় আইন উঠতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহ্উদ্দিন আকবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার তিনি বলেন, “এটি হবে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান। তবে প্রয়োজনে স্নাতক পর্যায়েও পাঠদানের সুযোগ সৃষ্টি করা যাবে।”
আইনটি পাস হওয়ার পরেই গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠানো নির্মাণের কাজ শুরু হবে বলেও জানান অতিরিক্ত সচিব।
ডিজিটাল বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত খসড়ার একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এসেছে।
এতে বলা হয়েছে, ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত বিষয় সবিশেষ পাঠদান এবং তাত্ত্বিক ও প্রয়োগিক বিষয়ের ওপর গবেষণা হবে।
এছাড়া বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত ডিজিটাল টেকনোলজি, বায়োটেকনোলজি, ডিজিটাল ম্যানেজমেন্ট, ডিজিটাল ডেভেলপমেন্ট, অ্যাডভান্সড টেকনোলজি নিয়েও পাঠদান ও গবেষণা হবে এই বিশ্ববিদ্যালয়ে।
খসড়ায় বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের শিক্ষার্থী ছাড়াও গবেষকরা সম্পূর্ণ আবাসন সুবিধা এবং বৃত্তি ও ভাতা পাবেন।
যেসব বাংলাদেশি বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তারাও এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সুযোগ পাবেন।
“বিশ্ববিদ্যালয় পরিচালনা, ব্যবস্থাপনা এবং এ জাতীয় অন্যান্য কাজ হবে সত্যিকার অর্থেই প্রযুক্তি নির্ভর।”
আইনের খসড়ায় বলা হয়েছে, বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের প্রতি দেশি-বিদেশি শিক্ষক-গবেষকদের আকৃষ্ট করতে উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক ও গবেষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো থাকবে।
পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি অভিজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনজন শিক্ষাবিদ নিয়ে উপাচার্য প্যানেল করে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাবে। তাদের মধ্য থেকে চার বছরের জন্য একজনকে উপাচার্য নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে যে পদ্ধতিতে অপসারণ করা যায় জিডিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্কে সেভাবে অপসারণ করা যাবে না বলেও খসড়ায় বলা হয়েছে।
আইন অনুযায়ী, ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সর্বনিম্ন পদ হবে পিএইচডি অথবা সমমান ডিগ্রীধারীর সহকারী অধ্যাপক।
“এই বিশ্ববিদ্যালয় হবে মাল্টিডিসিপ্লিনারী ও গবেষণাভিত্তিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।”
বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্ম দেশীয় উৎপাদন বাড়াতে এবং বাংলাদেশের জাতীয় জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে অবদান রাখবে বলেও খসড়ায় বলা হয়েছে।
শিক্ষা গবেষণায় বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন করা হবে উল্লেখ করে খসড়ায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাঠাগার হবে সর্বাধুনিক প্রযুক্তি সুবিধা সম্পন্ন।
“ডিজিটাল প্রযুক্তির অভিনব ও বহুবিধ ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠান কিভাবে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে এই বিশ্ববিদ্যালয় হবে উৎকৃষ্ট উদাহরণ।”
আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের গবেষণা, গুণগত মান ও ভৌত অবকাঠামো উন্নয়ন এবং সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি কাজ করবে।
২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি গাজীপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।
২০১০ সালের ৩১ মার্চ ইউজিসিকে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইনের খসড়া প্রণয়নের দায়িত্ব দেয়া হয়। এরপর বেশ কয়েকটি সভা করে আইনের খসড়া চূড়ান্ত হয়।
নাম নিয়ে মতভেদ
আইনের খসড়ায় বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টিকে ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ হিসাবে নাম প্রস্তাব করা হলেও এতে আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েক জন শিক্ষাবিদ।
এই আইনের খসড়া চূড়ান্ত করতে গত ১৫ মে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীসহ কয়েকজন নাম নিয়ে আপত্তি জানিয়েছেন বলে মন্ত্রণালয়ের এক কর্তকর্তা জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যাপক জামিলুর রেজা চান বিশ্ববিদ্যালয়টির নাম হোক ‘ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি’।
এছাড়া আরো কয়েক শিক্ষাবিদ এই বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাডভান্সড টেকনোলজি’ করার প্রস্তাব দিয়েছিলেন।
তবে মোস্তফা জব্বার ‘ডিজিটাল’ শব্দটিকে বর্তমানে ‘আবেগের’ বিষয় উল্লেখ করে সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখে বিশ্ববিদ্যালয়টির নাম ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব করেন বলেও ওই কর্মকর্তা জানান।
