খিলগাঁওয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু
ঢাকার খিলগাঁওয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত ব্যবসায়ী একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতের নাম মো. জহির উদ্দীন (২৫)। সোমবার গুলি চালিয়ে তার কাছ থেকে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে তিনি পুলিশকে জানিয়েছিলেন।
বাম বুক ও বাম উরুতে গুলিবিদ্ধ ঘটনার পরপরই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
সেখানে মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়েছে।”
সোমবার সন্ধ্যায় মতিঝিলের ব্যবসায়িক কার্যালয় থেকে রিকশা নিয়ে বাসাবোর বাসায় ফেরার পথে খিলগাঁও ঢালে মোটর সাইকেলে আসা তিন আরোহী জহিরকে গুলি করে তার ব্যাগটি ছিনিয়ে নেয়।
