ফুলগাজীতে একরামের খুনিদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে গাড়িতে পুড়িয়ে মারার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সংঘটিত এই হত্যাকাণ্ডে ক্ষোভ ও নিন্দা জানিয়ে শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ফুলগাজীবাসীর পাশাপাশি সমগ্র দেশবাসীকে এই হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি এক বিবৃতিতে বলেন, একরামুল হক অত্যন্ত জনপ্রিয় একজন তরুন নেতা। ফুলগাজীকে একটি আধুনিক উপজেলায় পরিণত করতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
“যারা দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, যারা হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করতে চায় সেই দেশবিরোধী অশুভ শক্তিই একরামুল হককে নৃশংসভাবে হত্যা করতে পারে।”
শেখ হাসিনা একরামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দেন।
