সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৩
সাতক্ষীরার ছয়ঘরিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের ডাকাত বলে দাবি করেছে পুলিশ।
সোমবার ভোরে সাতক্ষীরা-যশোর সড়কে গাছ ফেলে যাত্রাবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে ডাকাতির সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানিয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন-সাতক্ষীরার পাটকেলঘাটার চৌগাছা গ্রামের পলাশ আহমেদ (৩৫), সদর উপজেলার বেড়বাড়ির আলমগীর হোসেন (২৬) ও খুলনার ডুমুরিয়ার মতিয়ার রহমান সাগর (২৮)।
তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান বলেন, আহত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক বলেন, “যানবাহনে ডাকাতির খবর পেয়ে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল ছয়ঘরিয়ায় অবস্থান নেয়।
“১৫/১৬ জনের একদল ডাকাত পরিবহনে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ চ্যালেঞ্জ করলে গোলাগুলির ঘটনা ঘটে।”
প্রায় আধাঘণ্টা পর অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় বলে জানান তিনি।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে ১০ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল ও একটি ওয়ানস্যুটার বন্দুক উদ্ধার করা হয়েছে।
