২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি বন্ধ চেয়ে রিট

সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি বন্ধ চেয়ে হাই কোর্টে একটি রিট হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 11:45 AM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

সংসদ সদস্যদের জন্য যাবতীয় করমুক্ত গাড়ি আমদানির সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না এবং করমুক্ত গাড়ি আমদানি না করতে এবং এই সুবিধা সাংসদদের না দিতে কেন নির্দেশনা দেয়া হবে না, মর্মে রুল চাওয়া হয়েছে।

রুল জারি হলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ধরনের গাড়ি আমদানি স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়।

দৈনিক মানবজমিনের একটি প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে রিটে বলা হয়, ১৯৮৮ সালের ২৪ মে সাংসদদের জন্য শুল্কসহ যাবতীয় করমুক্ত গাড়ী আমদানির প্রথম সুযোগ দেয়া হয়।

প্রতিবেশি দেশ ভারতের সাংসদরা যেখানে ১৩০০ সিসির গাড়ি ব্যবহার করেন, সেখানে বাংলাদেশের সাংসদরা গড়ে ৩০০০ থেকে ৫৫০০ সিসির বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন বলে রিটে বলা হয়েছে।

নিজেদের স্বার্থে সাংসদরা গাড়ি কিনতে কর দিচ্ছেন না দাবি করে তিনি বলেন, “তাদের করের বোঝার ক্ষতি পুষিয়ে নিতে অন্যদের গাড়ি কেনার জন্য কয়েকশ গুণ করের বোঝা বাড়িয়ে দেন, যা অনৈতিক ও বেআইনি।”

রিটে বলা হয়, সাংসদদের কী কী সুবিধা দেয়া হবে তা সংবিধানের ৬৮ অনুচ্ছেদে বলা আছে। এখানে শুল্কমুক্ত গাড়ির বিষয়ে কিছু না থাকায় এ ধরনের সুবিধা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

“সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুসারে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ১৯ অনুচ্ছেদ মতে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্রকে সচেষ্ট হতে বলা হয়েছে। ২৭ অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। অনুচ্ছেদ ৩১ রাষ্ট্র আইনানুযায়ী ব্যতীত কিছু করতে পারবে না।

“শপথেও তারা বলেছেন, ‘কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।

“অথচ তারা বেআইনি সুবিধা নিয়ে করের বোঝা জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন। তাই তাদের জন্য শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি আমদানি অসাংবিধানিক।”