ফকিরের মসলা খেয়ে ৩০ জন হাসপাতালে
চুরি হওয়া টাকা উদ্ধারে ফকিরের দেয়া মসলা খেয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩০ নারী-পুরুষ অসুস্থ হয়েছেন।
শনিবার রাতে শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামে এ ঘটনায় অসুস্থদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে ওই ফকির পালিয়ে গেছে।
শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার জানান, গ্রামের প্রয়াত শরিফ উদ্দিনের ছেলে সাদেক আলীর বিশ হাজার টাকা গত সোমবার চুরি হয়।
ওই টাকা উদ্ধার করতে না পেরে শনিবার তিনি পাশের চণ্ডীপুর গ্রামের আমজাদ ফকিরের কাছে যান।
আব্দুল মান্নান জানান, আমজাদ ফকির চুরি হওয়া টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে সাদেক আলী ও তার স্ত্রী নাজমা বেগমকে ঝাড়-ফুঁক দেওয়া ঝাল-মিষ্টির মসলা জাতীয় দ্রব্য দেন।
আমজাদ ফকির তাদেরকে জানান, ওই ঝাল-মিষ্টি মসলা জাতীয় দ্রব্য এই চুরির ঘটনায় সন্দেহভাজনদের খাওয়াতে হবে। এটা খেয়ে যার পেট ফুলে ফেঁপে যাবে এবং পাতলা পয়খানা হবে সে-ই টাকা চুরি করেছে।
আমজাদ ফকিরের কথামতো শনিবার রাতে নাজমা বেগম ফকিরের সেই মসলা প্রতিবেশীদের খেতে দেন।
শতাধিক প্রতিবেশী ওই মসলা খাওয়ার পর প্রায় সকলের পেটে ব্যাথা, বমি বমি ভাব, পাতলা পায়খানা ও জ্বর শুরু হয়।
এ ঘটনার পর থেকে ওই ফকির এলাকা থেকে পালিয়ে গেছেন বলে জানান চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার।
অসুস্থ আমেনা বেগম বলেন, প্রথমে খেতে ঝাল-মিষ্টির মতো লাগলেও পরে টক লাগে। আধাঘন্টা পরেই গা ঝিমঝিম ও পেট ব্যথা শুরু হয়।
আরেক অসুস্থ রফিকুল ইসলাম জানান, খাওয়ার পরপরই বমি বমি ভাব হতে থাকে। এক পর্যায়ে পাতলা পায়খানা শুরু হয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কুমার জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৩০ জনেই দ্রুত স্বাভাবিক হয়ে উঠবেন।
