তথ্যপ্রযুক্তি খাত জয়ের আশা জয়ের
তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে বর্তমান বাজার দখলকারীদের ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।
শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে বক্তব্যে এই আশা প্রকাশ করেন তিনি।
‘টুয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পার্টনারশিপ অপরচ্যুনিটি’ শীর্ষক এই সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (বেসিস) এবং সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান দ্য ইন্ডাস অন্ট্রাপ্রিনিয়রস (টিআইই)।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অগ্রণী ব্যাংকের সহযোগিতায় আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক, টিআইইর প্রধান নির্বাহী পি কে আগরওয়াল এবং বেসিসের সেক্রেটারি রাসেল আহমেদ।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জয় বলেন, “ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, মোবাইল এপ্লিকেশন এবং কাস্টমাইজ ডেভেলপমেন্ট বিষয়ে বাংলাদেশের আইটি সেক্টরের সঙ্গে সম্পৃক্তরা অবিস্মরণীয় উন্নতি করেছে। ফলে বাংলাদেশ এখন গতানুগতিক বাজারের পরিবর্তে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আইটি বাজারের দিকে ধাবিত হচ্ছে। “
এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ বর্তমান বাজার দখলকারীদের ছাড়িয়ে যেতে সক্ষম হবে দাবি করে তিনি বলেন, ৫ বছর আগে এ খাতে বাংলাদেশের আয় ছিল মাত্র ২৫ মিলিয়ন ডলার। এখন সেটি ১২৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, অর্থাৎ ৫ গুণ বেড়েছে।
“বাংলাদেশে উন্নয়নের নীরব বিপ্লব চলছে। গ্রামগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থা চালু হওয়ায় ইন্টারনেট সহজলভ্য হচ্ছে। অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রয়েছে গত কয়েক বছর ধরেই। এর ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচিও সাফল্যজনকভাবে এগিয়ে চলেছে।”
দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করতে তিনি প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আহ্বান জানান।
আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ বলেন, সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। প্রাথমিকে ভর্তির হার এখন শতভাগ।
“সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল যে কোনো সময়ের চেয়ে ভালো হয়েছে। মেধার প্রতিফলন ঘটিয়েছে বাংলাদেশের তরুণ-তরুণীরা। এসব মেধাকে দক্ষ কর্মশক্তিতে রূপান্তর করবে শেখ হাসিনা সরকার।”
সম্মেলনে দুই দেশের শতাধিক তথ্যপ্রযুক্তি নির্বাহী, বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ী, শিক্ষাবিদ অংশ নেন।
