কামরুজ্জামানের আপিল বেঞ্চে নেই প্রধান বিচারপতি
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল শোনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
পুনর্গঠিত এই বেঞ্চে থাকছেন না প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চে যোগ দিচ্ছেন বিচারপতি মো. ইমান আলী।
এর আগে যুদ্ধাপরাধের দুই মামলার আপিল বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি থাকলেও নতুন এই বেঞ্চের নেতৃত্ব থাকবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা।
ফাইল ছবি
তার সঙ্গে পুরনোদের মধ্যে থাকছেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আপিল বিভাগের রোববারের কার্যতালিকায় এই চিত্র দেখা গেছে।
এদিন শুনানির জন্য আসা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আপিল শুনানিতে এই পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে যুদ্ধাপরাধের প্রতিটি মামলাতেই বিচারকের রদবদল হলো।
যুদ্ধাপরাধের আপিলে চার বিচারপতির বেঞ্চও এবারই প্রথম। সাধারণত আপিল শুনানিতে অধস্তন আদালতের চেয়ে বিচারক বেশি থাকে।
২০১০ সালের ২৫ মার্চে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক রুকন পলাতক বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ডের মাধ্যমে ২০১৩ সালের ২১ জানুয়ারি শুরু হয় যুদ্ধাপরাধ মামলায় রায়। তবে পলাতক থাকায় তিনি আপিল করতে পারেননি।
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি এক রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
এরপর একে একে সর্বোচ্চ শাস্তির রায় হয় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, পলাতক দুই ছাত্রসংঘ নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের। মৃত্যুদণ্ডতুল্য অপরাধ করেও বয়সের কারণে ৯০ বছর কারাদণ্ড পান গোলাম আযম।
এ ছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড এবং আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
কারাগারে থাকা সব দণ্ডিতের মামলাই বর্তমানে চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে রয়েছে।
এর আগে আপিল বিভাগে কাদের মোল্লা ও সাঈদীর আপিল শুনানি হয়। এর মধ্যে মোল্লাকে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেয়, যা গত ১২ ডিসেম্বর কার্যকর হয়।
সাঈদীর আপিলের শুনানি গত ১৬ এপ্রিল শেষ হয়, যা এখন রায়ের অপেক্ষায় রয়েছে। সাঈদীর মামলা শুনানি শুরু হয়েছিল ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর।
কাদের মোল্লার রায়ের এক মাসের মধ্যে উভয়পক্ষই রায়ের বিরুদ্ধে আপিল করে। পরে ওই বছরের গত ১ এপ্রিল এ মামলার আপিল শুনানি শুরুর আগে আপিল বিভাগে গঠন করা হয় দুটি বেঞ্চ।
প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ওই প্রথম বেঞ্চে অন্য পাঁচ বিচারপতি ছিলেন বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এই বেঞ্চেই কাদের মোল্লার মামলার শুনানি শুরু হয়। তবে শুনানি চলাকালে ছিদ্দিকুর রহমান মিয়া অবসরে গেলে বাকীদের নিয়ে শুনানি শেষ হয়।
ওই সময় বিচারপতি নাজমুন আরা সুলতানা নেতৃত্বে অপর বেঞ্চে থাকেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
যুদ্ধাপরাধের দ্বিতীয় আপিল সাঈদীর মামলায় সৈয়দ মাহমুদ হোসেনের পরিবর্তে ওই বেঞ্চে যোগ হন হাসান ফয়েজ সিদ্দিকী। তারাই সাঈদীর মামলা শেষ করেন।
বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক সম্প্রতি অবসরে গেছেন। বর্তমানে আপিল বিভাগে ৮ জন বিচারক রয়েছেন।
