ভিয়েতনাম ছেড়েছে তিন হাজারেরও বেশি চীনা নাগরিক
রক্তক্ষয়ী চীন বিরোধী দাঙ্গার পর ভিয়েতনাম ছেড়েছে তিন হাজারেরও বেশি চীনা নাগরিক। দক্ষিণ চীন সাগরে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ একটি এলাকায় চীনের তেল উত্তোলনের রিগ বসানোকে কেন্দ্র করে দাঙ্গটির সূত্রপাত হয়েছিল।
রোববার চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
দক্ষিণ চীন সাগরের যে এলাকায় তেলের রিগ স্থাপন করেছে চীন, সেই এলাকাটির মালিকানা চীনের পাশাপাশি ভিয়েতনামও দাবী করে আসছে। রিগ স্থাপনের পরপরই ভিয়েনাম জুড়ে চীনা বিরোধী বিক্ষোভ শুর হয়।
পরে গত মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে হো চি মিন শহরের নিকটবর্তী শিল্পপার্কে চীনাদের বিনিয়োগকৃত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে হামলা ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ ভিয়েতনামীরা। এ সময় ভিয়েতনামী দাঙ্গাকারীদের সঙ্গে চীনা শ্রমিকদের সংঘর্ষ বেঁধে যায়। এতে দুজন চীনা নাগরিক নিহত ও অন্তত একশ জন আহত হন।
এরপর বৃহস্পতিবার দাঙ্গা ভিয়েনামের মধ্যবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়লে আরো অন্তত ২১ জন নিহত হন। এদের অধিকাংশেই চীনা নাগরিক।
এর পরপরই চীনারা ভিয়েতনাম ছেড়ে পালাতে শুরু করে।
১৯৭৯ সালে সংক্ষিপ্ত সীমান্ত যুদ্ধের পর এটিই প্রতিবেশী কমিউনিস্ট রাষ্ট্রদুটির সম্পর্কের সবচেয়ে মারাত্মক অবনতি।
রোববার ভিয়েতনাম থেকে চীনা নাগরিকদের সরিতে আনতে পাঁচটি জাহাজ পাঠিয়েছে চীন। রোবরার দিনের শুরুতে চীনা সরকারের ব্যবস্থাপনায় মারাত্মক আহত ১৬ জন চীনা নাগরিককে একটি চিকিৎসা বিমানে করে চীনে ফিরিয়ে নেওয়া হয়।
এর আগে শনিবার, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনামে থাকা চীনা নাগরিকদের ভিয়েতমানে ভ্রমণ করা থেকে বিরত থাকতে ও নিজ এলাকা ছেড়ে বের না হওয়ার পরামর্শ দিয়েছিল।
একই দিন চীনা বাণিজ্যমন্ত্রী গাও হুচেঙ ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী বু হুয়া হঙের কাছে ভিয়েতনামে চীনা নাগরিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোর ওপর সহিংস হামলার তীব্র নিন্দা জানান।
তিনি ভিয়েতনামকে তাদের শিল্প ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার আহ্বান জানান।
এদিকে, সোমবার থেকে চীনের সাংহাই থেকে ভিয়েতনামগামী সব বাণিজ্যিক ফ্লাইটের কর্মসূচী বাতিল করেছে চীনের বসন্ত-শরৎ এয়ারলাইন।
