টঙ্গীতে যুবক খুন
টঙ্গীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে টঙ্গীর এরশাদ নগরে নিহত যুবকের নাম ফয়সাল (২০)।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিল্লাল গ্রুপ ও কাজল গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
ফয়সাল কাজল গ্রুপের সদস্য ছিল জানিয়ে ওসি বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিল্লাল গ্রুপের প্রধান বিল্লাল হোসেন ফোন করে ফয়সালকে ডেকে নেয়।
“তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিল্লাল গ্রুপের লোকজন ফয়সালসহ কাজল গ্রুপের কয়েকজনকে ধাওয়া দেয়।”
ধাওয়া খেয়ে ফয়সাল একটি নর্দমায় পড়ে গেলে তাকে সেখানেই কুপিয়ে গুরুতর আহত করে বিল্লাল গ্রুপের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি ইসমাইল।
রোববার সকালে ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
