বরিশালে ছিনতাই, গোপালগঞ্জে উদ্ধার
বরিশালে ছিনতাই হওয়া এক বিকাশ এজেন্টের টাকা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার পদ্মবিলা গ্রামে এ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা, অস্ত্র, গুলিসহ মালামাল উদ্ধার এবং দুই মহিলাকে আটক করা হয়।
বরিশাল সদর থানার এসআই ইয়াকুব আলী জানান, সকালে বরিশালের এএসপি সার্কেল সুদীপ্ত সরকার ও গোপালগঞ্জের এএসপি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জ ও বরিশালের পুলিশ কাশিয়ানীর পদ্মবিলা গ্রামে সৌমেন মিত্র ওরফে সুমনের বাড়িতে অভিযান চালায়।
সৌমেন পালিয়ে যেতে সক্ষম হলেও তার মা লক্ষ্মী রানী মিত্র (৫৫) ও বোন শিখা রানী মিত্রকে (৩০) পুলিশ আটক করেছে।
সৌমেন মিত্র ওরফে সুমন ওই গ্রামের কানাই লাল মিত্র ওরফে হারান মিত্রের ছেলে।
বরিশালের বিকাশ এজেন্ট সাদ এন্টারপ্রইজের মালিক মো. মুনির হোসেন লিটন জানান, গত ২৭ এপ্রিল বরিশাল শহরে তার বিকাশ কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ১২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। ওইদিনই পয়সারহাট থেকে পুলিশ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
গত ২৪ ফেব্রুয়ারী হাসপাতাল রোডের বিকাশ এজেন্ট সাদ এন্টারপ্রইজের অফিসে বোমা বিস্ফোরণ ও গুলি করে সন্ত্রাসীরা ৫৯ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সৌমেন মিত্রর মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কাশিয়ানী থানায় আনা হয়েছে।
২৭ এপ্রিল পয়সারহাট থেকে গ্রেপ্তার ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক পুলিশ কাশিয়ানীতে এ আভিযান চালায় বলে জানান তিন।
