দিনাজপুরে এগিয়ে মেয়েরা
মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলে এ বছর দিনাজপুর বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।
শনিবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান আনুষ্ঠাকিভাবে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন।
এ বছর এ শিক্ষা বোর্ডে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ৪২ এবং ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ১১।
তবে জিপিএ-৫ প্রাপ্ত তালিকায় ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে আট হাজার ৩০৯ জন এবং মেয়েদের প্রাপ্ত জিপিএ-৫ সংখ্যা ছয় হাজার ৬১৮।
এ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষার পাসের হার ৯৩ দশমিক ২৬। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৮২৭ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় রংপুর বিভাগের ৮টি জেলার দুই হাজার ৫১০টি স্কুল থেকে এক লাখ ১৮ হাজার ৯৬৬ জন পরীক্ষাথী অংশ নেয়। এর মধ্যে ৬০ হাজার ৫০৯ জন ছাত্র এবং ৫৭ হাজার ৯২৯ জন ছাত্রী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১০ হাজার ৪৫৮ জন।
এ বছর বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৩৩ জন, মানবিক বিভাগে এক হাজার ১৭৯ জন এবং বাণিজ্য বিভাগে ৭১৫ জন।
সার্বিক ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শীর্ষ স্থানে রয়েছে।
এ স্কুলের ৩৪০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর জিলা স্কুল। এ স্কুলেরমোট পরীক্ষার্থী ২৩৬ জন। জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২১৯ জন। তৃতীয় স্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়। এ স্কুলের মোট পরীক্ষার্থী ২০৮জন । এর মধ্যে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৯১ জন।
বোর্ডে শতভাগ পাস স্কুলের সংখ্যা ৬৬১টি।
