বরিশালে পাসে ছেলেরা, জিপিএ-৫ বেশি মেয়েদের
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এ বছর বরিশাল বিভাগের পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে।
শনিবার সকাল ১০টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন।
এতে দেখা যায় এ বছর বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৬৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৭৬২ জন।
এ বছর এ শিক্ষা বোর্ড থেকে মোট ৭০ হাজার ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ৬৩ হাজার ৫৪৩ জন।
এদের মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৬১ এবং ছাত্রী ৩১ হাজার ৬৮২।
পাসের দিক থেকে ছাত্ররা এগিয়ে থাকলে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে দুই হাজার ৪২৪ ছাত্রী এবং দুই হাজার ৩৩৮ ছাত্র।
এ বছর পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮৮ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ৫১৪ জন।
বোর্ডে সেরা ৫ শিক্ষা প্রতিষ্ঠান
৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ পেয়ে সার্বিক ফলাফল বিবেচনায় এবারও বোর্ডে প্রথম স্থানে বরিশাল ক্যাডেট কলেজ।
দ্বিতীয় স্থানে থাকা বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন।
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তৃতীয় স্থানে থাকা বরিশাল জিলা স্কুলের ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন।
চতুর্থ স্থানে থাকা পটুয়াখালীর সৃজনী বিদ্যানিকেতনের ৩৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে।
১৬৯ জন পরীক্ষাথীর মধ্যে ১৬৬ জন পাস করেছে পঞ্চম স্থানে থাকা ঝালকাঠী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের। জিপিএ-৫ পেয়েছে ৮২ জন।
