কংগ্রেসের সঙ্কটের মধ্যে মোদির স্বপ্নে সায়
বিশাল দেশ ভারতে নির্বাচনী ডামাডোলে যতটুকু ঘুরেছিলাম, তাতে নরেন্দ্র মোদির জয়ের আঁচ পাচ্ছিলাম; তবে কংগ্রেসের যে এমন ভরাডুবি হবে, তা বুঝিনি।
গত ৭ এপ্রিল ভোট শুরুর আগে জনমত জরিপ ছিল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির পক্ষে, এরপর বুথফেরত জরিপও তা-ই বলছিল।
কিন্তু তাতেও সিদ্ধান্ত নেয়া যাচ্ছিল না, কারণ গত দুই বার জরিপের ফলের প্রতিফলন ফলাফলে দেখা না যাওয়ায় এবারো মিলবে কি না, সে সন্দেহ ছিল।
তবে শুক্রবার ভোটের ফল ঘোষণার পর স্পষ্ট হয়ে যায়, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি।
পরপর দুই বার ক্ষমতায় থাকা কংগ্রেসের ওপর যে জনগণ বিরূপ হয়ে উঠেছে, তার ভোটারদের কথায়ও স্পষ্ট হচ্ছিল। দুর্নীতি আর সবচেয়ে পুরনো দলটির নেতৃত্বের সঙ্কটের কথাই বলছিলেন তারা।
নয়া দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র অনীল বিশ্বাসের মতে, তিনটি কারণে কংগ্রেস এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ ফলাফল করেছে।
প্রথমত, কংগ্রেসের দুই দফার শাসনমালে ভারতে দুর্নীতির বিস্তার ঘটেছে। বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এমনকি গান্ধী পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। দ্বিতীয়ত নেতৃত্ব সঙ্কট এবং তৃতীয়ত বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের দূরত্ব বৃদ্ধি।
অনিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কংগ্রেস নির্বাচনে হেরে যাবে, তা মোটামুটি নিশ্চিত ছিলাম। তবে এত কম আসন পাবে, তা অনেকের চিন্তায় ছিল না।”
ভোটের সময় কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলে মনে হয়েছিল, কট্টরপন্থী মোদি সারা ভারতে ভোট পাবেন না বলেই তারা ধরে নিয়েছেন। সুতরাং জনগণ শেষ পর্যন্ত কংগ্রেসকেই বেছে নেবে।
তবে কংগ্রেস নেতাদের সেই ধারণা যে ছিল ভুল, তা পশ্চিমবঙ্গের কলকাতার শহীদ মিনারে রাহুল গান্ধীর নির্বাচনী জনসভায় লোকসমাগম দেখে অনুমান করা যাচ্ছিল।
ওই জনসভায় আসা ষাটোর্ধ্ব সমর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “কংগ্রেস পুরনো দল। তারা মনে করে, মানুষ তাদেরই ভোট দেবে।
“কিন্তু দিন পাল্টেছে, মানুষের চিন্তাভাবনারও পরিবর্তন হয়েছে। এটা কংগ্রেসের মাথায় নেই। এজন্য মানুষের আকর্ষণ কম।”
ভোটারদের সঙ্গে কথা বলেও বোঝা যাচ্ছিল, অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী কংগ্রেসের প্রতি ভোটারদের অন্যরকম টান থাকলেও বাস্তবতার বিচারে নরেন্দ্র মোদিকে বেছে নিচ্ছেন তারা।
তার ওপর প্রচারে কংগ্রেসের চেয়ে অনেক এগিয়ে ছিল বিজেপি।
বারানসি, যেখানে নরেন্দ্র মোদি প্রার্থী হয়েছিলেন, সেখানে ভোটের আগে গিয়ে দেখা গিয়েছিল, মেজেতে মাদুর বিছিয়ে বসে আছেন দুই নেতা ও কয়েকজন কর্মী।
পুরো অফিসের দেয়ালে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ছবি সম্বলিত পোস্টার ঝুলে আছে। এছাড়া প্রচারে কোনো নতুনত্ব নেই।
অন্যদিকে বিজেপি অফিসে গিয়ে দেখা গিয়েছিল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা কম্পিউটারে বসে ভোটের সব তথ্য-উপাত্ত তৈরি করছেন। তাদের পুরো প্রচারেই ছিলে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার।
“অন্যদিকে মোদিজী নতুন ভারত গড়ার স্বপ্ন দেখিয়েছেন। নতুন প্রজন্মকে তা ব্যাপকভাবে আন্দোলিত করেছে। গুজরাট মডেল এক্ষেত্রে নির্বাচনে মানুষের মনে নাড়া দিয়েছে।”
মোদির জয়ের পর মোদির জন্মস্থান গুজরাটের ভাডনগরের বিএন হাইস্কুল শিক্ষক পি জি প্যাটেলের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রথমেই বলেন, “আমি আপনাকে আগেই বলেছিলাম, মোদিই আমাদের ভারতের বড়া প্রধান (প্রধানমন্ত্রী) হবেন। আজ এটা সত্য প্রমাণিত হয়েছে।”
৬৩ বছর বয়সী মোদির ওপর গুজরাটবাসীর যে আস্থা তা ওই রাজ্য ঘুরে দেখা গিয়েছিল, এমনকি ওই রাজ্যের মুসলিমদের মধ্যে কট্টর এই হিন্দু নেতার জনপ্রিয়তার প্রমাণ মিলছিল।
হিন্দুত্ববাদকে আশ্রয় করে রাষ্ট্রক্ষমতায় যাওয়া বিজেপির মধ্যে কট্টর বলে পরিচিত মোদির বিজয়ের মধ্য দিয়ে বিজেপির পদ্মফুল এখন কেবল গুজরাটে নয়, এবার গোটা ভারতেই ছড়িয়ে গেছে।
(লোকসভা নির্বাচনের সময়টাতে ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ, ভোটের ফল বিশ্লেষণ করেছেন তিনি)
