টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
গাজীপুরের টঙ্গীতে শুক্রবার বিকালে বাসের ধাক্কায় এক স্কুটার চালক নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বাসটি পিক-আপ, স্কুটার ও দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনায় আহত হন অন্তত আট জন।
নিহত নূর ইসলামের (৩৯) বাড়ি শেরপুরের নকলা উপজেলায়; টঙ্গী এলাকায় তিনি স্কুটার চালাতেন।
আহতদের কারো পরিচয় জানাতে পারেনি পুলিশ।
টঙ্গী থানার এসআই মো. জহুরুল ইসলাম জানান, বিকালে মহাসড়কে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি পিক-আপ ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পিক-আপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একইভাবে সামনের স্কুটারকে ধাক্কা দিলে সেটি সামনের আরো দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়।
এতে ওইসব গাড়ির অন্তত আট জন যাত্রী আহত হন।
এলাকাবাসী গুরুতর আহত যুবককে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদের উদ্ধার করে ঢাকাসহ বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই জহুরুল আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হলে সড়কের দুপাশে প্রায় সাত কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
