নকলা পৌর বিএনপি নেতা গ্রেপ্তার
দুই মামলার আসামি শেরপুরের নকলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান গোলাম মাছুমকে (৩৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, বিচারাধীন দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নকলা থানার ওসি গোলাম হায়দার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হায়দার আলীর উপর হামলার মামলা এবং দ্রুত বিচার আইনের অপর একটি মামলার আসামি এ বিএনপি নেতা।
২০১২ সালের ৩০ সেপ্টেম্বর শেরপুর শহরে বিএনপির এক সমাবেশের সময় মুন্সিবাজার এলাকায় দলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় এক পক্ষের নেতাকর্মীরা হায়দার আলীর উপর হামলা চালায়।
পরদিন নকলা বিএনপি নেতা জহিরুল ইসলাম সাজু নকলা বিএনপি নেতা দেওয়ান গোলাম মাছুমসহ ৩৪ জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি মামলা করেন।
