মোদিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
শুক্রবার সকালে লোকসভা নির্বাচনের ফল গণনা শুরু হওয়ার পর বেলা ৩টা নাগাদ ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩৩৯টি আসনে।এর মধ্যে বিজেপি একাই এগিয়ে রয়েছে ২৮৬টি আসনে।
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রয়োজন ছিল ২৭২টি আসন।
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী প্রার্থী করে ভোটযুদ্ধে নেমেছিল বিজেপি। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তার নেতৃত্বে সরকার গঠনে আর কোনো বাধা রইলো না।
