২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্ত্রীর লাশ উদ্ধার, পুলিশ স্বামী আটক

নীলফামারীর একটি আবাসিক হোটেল থেকে এক কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 07:24 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার বিকালে শহরের হোটেল অবকাশ থেকে রুবিনা আক্তারের (২২) লাশ উদ্ধার করা হয়। রুবিনা দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর গ্রামের জামিরুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় কনস্টেবল মহিদুল ইসলামকে (২৬) আটক করা হয়েছে। মহিদুল একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) মোহাম্মদ জাকারিয়ার দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওই হোটেলের ম্যানেজার আশেকুজ্জামান বিপ্লব বলেন, “বুধবার রাত ১১টার দিকে মহিদুল তার স্ত্রী রুবিনাকে নিয়ে হোটেলের ৩১ নম্বর কক্ষে ওঠেন।

“বৃহস্পতিবার সকালে তিনি তার স্ত্রীকে কক্ষে রেখে দরজায় তালা দিয়ে বাইরে যান। দুপুর আড়াইটার দিকে হাতে ভাতের প্যাকেট নিয়ে হোটেলে আসেন তিনি।”

এর কিছুক্ষণ পর মহিদুল তাদের জানান তার স্ত্রী আত্মহত্যা করেছে।

পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং মহিদুলকে আটক করে।

নীলফামারী সদর থানার ওসি(তদন্ত) বাবুল আখতার জানান, হোটেল কক্ষে গলায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রুবিনাকে পাওয়া যায়।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে রুবিনার বাম হাতের পাঁচ এবং ডান হাতের তিন আঙ্গুলে ক্ষতের চিহৃ পাওয়া গেছে।

তিনি আরো জানান, এ সময় ওই কক্ষ থেকে স্বামীকে উদ্দেশ্য করে রক্ত দিয়ে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে আঙুলের ক্ষতস্থানের ক্ষরণকৃত রক্ত দিয়ে ওই চিরকুটটি লেখা হয়েছে।