সাংবাদিক মারধর: শিকদারের কর্মকর্তা গ্রেপ্তার
রাজধানীর জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিক শিশির মোড়লকে পেটানোর ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান ওই হাসপাতালের টেলিফোন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন, যাকে ইতিমধ্যেই চাকরিচ্যুত কার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাজারীবাগ থানার ওসি মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার পৌনে ৪টার দিকে গুলশানের শিকদার মেডিকেল কলেজ শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
মামলার তদন্ত কর্মকর্তা সুখেন চন্দ্র সরকার জানান, তিনি শিশির মোড়লের করা মামলার দুই নম্বর আসামী।
তবে মামলার এক নম্বর আসামি সফিউল আজম পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, “তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ওই চিকিৎসকের বাড়ি চট্টগ্রামে বলে জানান তিনি।
ডা. সফিউল একই সময়ে ভিন্ন ভিন্ন জায়গায় নিজেকে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পরিচয় দিয়ে সাইনবোর্ড লাগিয়ে চিকিত্সা দিচ্ছিলেন।
ওই বিষয়ে জানতে চাইলে তিনি তাকে হাসপাতালে যেতে বলেন। আড়াই ঘণ্টার বেশি সময় ধরে পেটানোর পর পৌনে ১টার মুচলেকা নিয়ে শিশিরকে ছেড়ে দেন তারা।
মারধরের ঘটনায় শিশির মোড়ল বাদী হয়ে হাজারীবাগ থানায় সফিউল আজম ও তার সহযোগী আবু সুফিয়ানকে আসামি করে একটি মামলা করেন।
