২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৮ ‘পাচারকারী’ আটক

ভারতে মানবপাচারের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি থেকে এক ভারতীয়সহ আটজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 02:23 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, বুধবার বিকেলে যাত্রাবাড়ির এলাকার মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো.আবদুল মজিদ (৩০), মোছাম্মত মনিকা (২১), চঞ্চলা রানী (৩৮), মো. আরফুল ইসলাম (২৬), মো. নবী হোসেন (৪০), মো. আনোয়ার হোসেন (৩০), শ্রী গোপাল মণ্ডল (৫৬) ও ভারতীয় নাগরিক শ্রী নিখিল দাস (৪৫)।

এ সময় গোয়েন্দারা ‘পাচারের’ উদ্দেশ্যে সঙ্গে থাকা তিন নারীকেও উদ্ধার করে।

তারা হলেন, আমেনা বেগম (২০), শান্তা (১৬) ও মোছাম্মৎ রুনা বেগম।

অভিযানের নেতৃত্ব দেয়া গোয়েন্দা কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ভারতে বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ দেয়ার কথা বলে পাচারকারী দলটি বাংলাদেশের নারীদের ভারতে পাচার করে আসছিল। গরীব পরিবারের অল্প বয়সী মেয়ে ছিল তাদের টার্গেট।”

তিনি বলেন, “গোয়েন্দা পুলিশের হাতে উদ্ধার হওয়া রুনা বেগম জানিয়েছেন ২০/২২ দিন গুলশান লেডিস পার্কের সামনের চা দোকানদার আবদুল মজিদ তাকে ভারতে চাকরি দেয়ার আশ্বাস দেয়। এজন্য রুনাকে সে আরো কয়েকটি মেয়ে জোগাড় করে দিতে হবে বলে শর্ত দেয়। রুনা তার পরিচিত দুই নারী আমেনা ও শান্তাকে ভারতে যেতে রাজি করায়।

এরপর মজিদের কথামতো তারা বুধবার দুপুর ২টায় যাত্রাবাড়ির মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হয়

তাদের কোথায় কত বেতনে কতদিনের জন্য চাকরি দেয়া হবে, তাছাড়া কবে নাগাদ পাসপোর্ট করতে হবে তা জানতে চাইলে ‘পাচারকারী’ জানায় ভারতে যেতে কিছু লাগে না।”

তিনি জানান, এ সময় ওই নারীরা তাদের সঙ্গে যেতে রাজি না হওয়ায় গুলি করে মেরে ফেলার হুমকিও দেয়। পরে তারা চিৎকার করলে এলাকাবাসী গোয়েন্দা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গোয়েন্দারা ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে। আরো ৪/৫ জন পালিয়ে গেছে।

আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আদালতে পাঠিয়ে তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

ব্রিফেংয়ে মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে সাতক্ষীরা যশোর সীমান্ত দিয়ে আটকরা দীর্ঘদিন ধরে নারী পাচার করে আসছে। দলটির নেতা নিখিলও অবৈধভাবে কয়েকমাস আগে বাংলাদেশে আসে।

বাংলাদেশের সীমান্ত এলাকার কিছু জায়গা দিয়ে এসব নারী ভারতে পাচার হয় বলে জানান তিনি।

আটকরা নিখিলের এজেন্ট হয়ে কাজ করতো জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল আরো বলেন, “অল্প বয়সী মেয়েরা ছিল তাদের মূল টার্গেট। একটি মেয়ে সংগ্রহের বিনিময়ে পাচারকারীরা ৭০ হাজার করে টাকা পেতো।