সীমান্তে ২ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাট ও ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ। দুজনকে ফিরে পেতে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী থেকে জবেদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে ধরে নেয়া হয়। তার বাড়ি ওই উপজেলার ইসলামপুর গ্রামে।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে ধরে নেয়া হয় শরিফুল ইসলাম নামে আরেক ব্যক্তিকে। তার বাড়ি শ্যামকুড় গ্রামে।
স্থানীয়রা জানিযেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় সীমান্তে গরু পারাপারের কাজ করেন জবেদ ও শরিফ।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে জবেদকে সীমান্ত থেকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ ১০৪ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল।
জবেদকে নিয়ে গিয়ে বিএসএফ বেধড়ক পিটিয়ে তাকে মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
বিজিবি কর্মকর্তা শফিউল বলেন, বিএসএফকে প্রতিবাদপত্র দেয়া হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও আহ্বানও জানানো হয়েছে।
রাতে অবৈধভাবে শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতের ভুখণ্ডে ঢুকে পড়ায় ১৭৩ নম্বর বিএসএফ ব্যাটলিয়নের ছুটিপুর ক্যাম্পের একটি টহল দল শরিফকে আটক করে বলে জানিয়েছেন বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়ন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান।
শরিফকে ফেরতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হলেও তাতে এখনো সাড়া মেলেনি বলে কুসুমপুর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলী জানিয়েছেন।
