পানিশূন্য নদীর বুকে চলছে আবাদ
উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহারসহ নানা কারণে দিনাজপুরের উপর দিয়ে প্রবাহিত ছোট-বড় ১৫টি নদী এখন পানিশূন্য। এসব নদীর বুকে চলছে চাষাবাদ। কোথাওবা তৈরি হয়েছে খেলার মাঠ।
এভাবে চললে একদিন হয়ত সবাই ভুলেই যাবে যে, কোনো এক সময় এখানে নদী ছিল; তরতর করে বয়ে যেত পালতোলা নৌকা; জেলেরা ব্যস্ত থাকত মাছ শিকারে।
শুধু সেতুগুলো দাঁড়িয়ে থাকবে এক সময়ের খরস্রোতা নদী পারাপারের সাক্ষী হয়ে।
নদীগুলো শুকিয়ে যাওয়ায় সংলগ্ন এলাকার হাজার হাজার একর ফসলি জমিতে সেচ সমস্যাও প্রকট হয়ে উঠেছে। তাই সেচ দেয়ার জন্য এখানে সেখানে বসানো হয়েছে গভীর-অগভীর অনেক নলকূপ।
দিনাজপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার উপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা, আত্রাই, গর্ভেশ্বরী, ঢেপা, করতোয়া, তুলাই, ইছামতি, কাঁকড়া, ছোট যমুনাসহ সব নদীর উৎসমুখ ভারতে।
উৎসমুখে রেগুলেটারি গেট থাকার সুবিধায় ভারত নদীর পানি ইচ্ছামতো প্রত্যাহার করে। মুলতঃ একারণেই এই অঞ্চলের নদীগুলো পানিশূন্য হয়ে মরুতে পরিণত হয়েছে।
এছাড়া নদীর নাব্যতা না থাকা এবং অনাবৃষ্টিও এ অবস্থার জন্য দায়ী বলে তিনি উল্লেখ করেন।
পাউবোর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দিনাজপুরের বড় দুটি নদী পুনর্ভবা ও আত্রাইয়ে পানি প্রবাহ সারা বছরই কম-বেশি থাকে। কিন্তু গত দুই বছরে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পানি প্রবাহ থাকছেই না।
নদী পাড়ের কৃষক হেলাল উদ্দিন ও নবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে এই অঞ্চলের নদীগুলোতে সারা বছর জুড়েই কম-বেশি পানির প্রবাহ থাকত। আর এই পানি দিয়েই চলত বিস্তীর্ণ ফসলি জমির সেচ কাজ।
গর্ভেশ্বরী নদীপাড়ের কৃষক আইয়ুব আলী (৬৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর বর্তমান যে অবস্থা তাতে আর কয়েক বছর পর এগুলোকে নদী বলা যাবে না। আগামী প্রজন্ম শুধু সেতু দেখে বুঝে নেবে এখানে কোনো এক সময় নদী ছিল।
নদী পাড়ের মৎস্য চাষি কৃষ্ণ কান্ত ও শিবেন রায় জানান, নদী সংলগ্ন এলাকার মৎস্য চাষিরা সারা বছর নদীর মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করে এসেছে। এখন মৎস্য চাষিরা সেই নদীতে ফসলের আবাদ করছে।
