স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেল স্বামী
টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেছে এক যুবক।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মৃত সুমি আক্তার (২৫) টঙ্গীর দত্তপাড়া এলাকার মো. মিজানুর রহমান মিজানের (৩৭) স্ত্রী।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, বেলা ১২টার দিকে মিজান তার স্ত্রী সুমিকে মৃত অবস্থায় হাসপাতালে রেখে যান।
পরে স্বামীকে খুঁজে না পেয়ে টঙ্গী থানায় খবর দেয়া হয়।
প্রতিবেশীদের বরাত দিয়ে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর গাজী জানান, সকালে মিজানের সঙ্গে সুমির ঝগড়া হয়। এক পর্যায়ে নিজ কক্ষে ঢুকে ফাঁসিতে ঝুলে পড়েন।
সেখান থেকে উদ্ধার করে তার স্বামী মিজান টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
এসআই আলমগীর জানান, মৃত্যুর খবর শুনেই মিজান পালিয়ে যান। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
