জাতীয় নগর নীতিমালার খসড়া প্রকাশ
পথচারীদের হাঁটার জন্য আলাদা রাস্তা, বাই-সাইকেলের জন্য পৃথক লেন ও হকারদের জন্য নির্দিষ্ট অঞ্চল নির্ধারণসহ একগুচ্ছ ‘স্বপ্ন’ নিয়ে জাতীয় নগর নীতিমালার খসড়া প্রকাশ করেছে সরকার।
স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে (www.lgd.gov.bd) প্রকাশিত খসড়া বিষয়ে আগামী ২৭ মে পর্ন্ত info@lgd.gov.bd ও lgpaura1@lgd.gov.bd ই-মেইল মতামত দেয়া যাবে।
নগরায়নের ইতিবাচক দিকগুলোকে চিহ্নিত করে শক্তিশালী করা এবং নেতিবাচক দিকগুলো পরিকল্পিতভাবে মোকাবেলার লক্ষ্যমাত্রা নিয়ে নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে।
এর আগে ২০১১ সালে নগর নীতিমালার একটি খসড়া প্রণয়নের পর মতামতের জন্য প্রকাশ করা হলেও তা আলোর মুখ দেখেনি।
২০ পৃষ্ঠার খসড়া নীতিমালায় নগর অবকাঠামো ও সেবার বিষয়ে বলা হয়েছে, “নগর পরিবহন নীতিমালা ও পরিকল্পনায় পথচারীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।”
পথচারীদের হাঁটার জন্য পর্যাপ্ত ফুটপাতের সুযোগ রাখা হবে উল্লেখ করে খসড়ায় বলা হয়েছে, এসব ফুটপাত সকল ধরণের অবৈধ দখল হতে মুক্ত থাকবে।
“কিছু রাস্তাকে শুধুমাত্র হাঁটার প্রয়োজনে ২৪ ঘণ্টার জন্য অথবা দিনে বা রাতে নির্দিষ্ট সময়ের জন্য হাঁটার রাস্তা হিসাবে ঘোষণা করা হবে।”
নীতিমালায় অযান্ত্রিক যানবাহনে বিষয়ে বলা হয়েছে, আলাদা লেনের ব্যবস্থা রেখে বাই-সাইকেলের ব্যবহারকে উৎসাহিত করা হবে।
‘নগর দরিদ্রদের জন্য বিশেষ অঞ্চল’ ভাগে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ কর্মসংস্থান ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ নিশ্চিতে ক্ষুদ্র উদ্যোক্তা ও হকারদের জন্য নির্দিষ্ট অঞ্চল নির্ধারণ করবে।
খসড়ায় বলা হয়েছে, শহর সংযোগকারী সকল জাতীয় সড়ককে বিশেষত বড় শহরের ক্ষেত্রে শহর এলাকার বাইরে বিকল্প পথ (বাইপাস সড়ক) নির্মাণের সুপারিশ করা হবে।
নীতিমালা অনুযায়ী, শহরের মধ্যে সঠিক অবস্থানে পরিকল্পিত খেলার মাঠ, পার্ক এবং বিনোদনের স্থান নির্ধারণ করা হবে। প্রয়োজন অনুসারে জাতীয় পর্যায়ে স্টেডিয়াম ও উন্মুক্ত খেলাধুলার সুবিধা প্রতিষ্ঠা করা হবে।
বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮ শতাংশ নগর জনগোষ্ঠী, যা সাড়ে চার কোটির বেশি। ২ দশমিক ৫ শতাংশ হারে নগরের জনসংখ্যা বাড়ছে।
বাংলাদেশে ৫৩২টি নগর কেন্দ্রের ভৌগলিক আয়তন ১১ হাজার ২৫৮ বর্গ কিলোমিটার, যা দেশের আয়তনের ৭ দশমিক ৬৬ শতাংশ।
নীতিমালার খসড়ায় নগরায়নের বিন্যাস ও প্রক্রিয়া, জনগণের অংশগ্রহণের মাধ্যমে নগর পরিচালন, স্থানীয় নগর পরিকল্পনা, নগরের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান, অর্থসংস্থান ও সম্পদ আহরণ, নগর ভূমি ব্যবস্থাপনা ও নগর গৃহায়নকে অগ্রাধিকার খাত হিসাবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া দারিদ্র্য হ্রাস ও বস্তি উন্নয়ন, নগর পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নগর অবকাঠামো ও সেবা, নগর পরিবহন ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাপনা; নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, পথশিশু, ভবঘুরে ও সকল নাগরিকের অধিকার সংরক্ষণ; যুব সমাজকে সম্পদ হিসেবে ব্যবহার; বিনোদনের ব্যবস্থা, খেলার মাঠ, পার্ক, উন্মুক্ত স্থান, জলাশয়, কবরস্থান, শ্মশানঘাট সংরক্ষণ; সাংস্কৃতিক ঐতিহ্য ও নান্দনিকতার উন্নয়নকে প্রাধান্য দেয়া হয়েছে।
অন্যদিকে পল্লী-শহর সংযোগ স্থাপন এবং আইন শৃঙ্খলা উন্নয়নকেও খসড়ায় অগ্রাধিকার হিসাবে চিহ্নিত হয়েছে।
নগর ক্রমবিন্যাসে পাঁচটি ধাপে নগরকে চিহ্নিত করে নগর ও শহরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এর মধ্যে মেগাসিটিতে (জনসংখ্যা ১০০ লাখ বা তদূর্ধ্ব) জনসংখ্যার চাপ কমাতে মেগাসিটি এলাকায় শিল্প ও অন্যান্য প্রধান খাতে বড় বিনিয়োগকে নিরুৎসাহিত করে অন্যান্য অঞ্চল ও নগরে বিনিয়োগ উৎসাহিত করতে বলা হয়েছে।
খসড়া মতে, মহানগর/মেট্রোপলিটন সিটিতে (জনসংখ্যা ৫ লাখ থেকে অনূর্ধ্ব ১০০ লাখ) জনসংখ্যা নির্ধারিত সীমায় রেখে মহানগরগুলোর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হবে।
ঢাকা মহানগরের উন্নয়ন পরিকল্পনা সমন্বয়ে একটি কাউন্সিল গঠন করতে বলা হয়েছে।
ঢাকা মহানগর এলাকার একজন সংসদ সদস্য মন্ত্রীর পদমর্যাদায় এই কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেন বলে খসড়ার সুপারিশ রয়েছে।
“সিটি কর্পোরেশন নগর উন্নয়নে মেয়রের নেতৃত্বে প্রত্যেক সিটি কর্পোরেশনের একটি নগর উন্নয়ন কমিটি থাকবে।”
জাতীয় নগর নীতিমালা বাস্তবায়নের মধ্য দিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম পরিকল্পিত নগর উপহার পাবে বলেও নীতিমালায় খসড়ায় বলা হয়েছে।
