২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে অবরোধ প্রত্যাহার

সংগঠনের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে প্রশাসনের আশ্বাস পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনের মাথায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের অবরোধ আহ্বানকারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 10:43 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নগরীর বাসভবনে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকরে পর তারা এ ঘোষণা দেন।

অবরোধ আহ্বানকারী অংশের অন্যতম নেতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্যের অনুরোধে দুই সপ্তাহের জন্য অবরোধ স্থগিত করা হয়েছে।

“উপাচার্য আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। দুই সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে আমরা আবার অবরোধ ডাকব।”

বৈঠকে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেণু কুমার দে, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন শংকর লাল শাহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নাসির হায়দার চৌধুরী বাবুল ও মো. কলিম উপস্থিত ছিলেন।

গত মাসে ক্যাম্পাসে সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক আবু ইউসুফ আলমের স্মরণ সভায় যোগ দিতে এসে লাঞ্ছিত হন আওয়ামী লীগ নেতা নাসির হায়দার চৌধুরী বাবুল।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন নাসির হায়দারের অনুসারীরা।

অবরোধ চলাকালে একাধিকবার নগরী থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে হামলা চালানো হয়। বন্ধ করে দেয়া হয় শিক্ষক-কর্মচারীদের বহনকারী বাসের চলাচল। অবরোধের কারণে ক্লাস-পরীক্ষা না হওয়ায় কার্যত অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়।

অবরোধ চলাকালে আন্দোলনকারীদের নেতা হিসেবে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেয়া ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসুর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

বৈঠক শেষ হওয়ার পর তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।