রাবিতে হামলা: ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কৃত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হলে হামলায় জড়িত চার নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
তারা হলেন-সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখার সহ-সভাপতি মো. মেহেদি হাসান ও রানা চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, পরিবেশ সম্পাদক মো. মুসতাকিম বিল্লাহ।
মঙ্গলবার সকালে পরীক্ষা হলে হামলার পর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতেও অনুরোধ জানিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।
সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পর্বের ৫ নম্বর কোর্সের পরীক্ষা চলাকালীন মেহেদি হাসানের নেতৃত্বে হামলা হয়।
হামলাকারীরা চার শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থীকে লাঞ্ছিতও করে।
মেহেদি ওই বিভাগের শিক্ষার্থী। তিনি পরীক্ষা পেছানোর অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তা পেছানো না হওয়ায় এই হামলা হয় বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন।
