নরসিংদীতে ছাত্র খুন, প্রতিবাদে বাড়িঘরে আগুন
‘মাদক ব্যবসার প্রতিবাদ করায়’ নরসিংদী সদরে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। এর প্রতিবাদে এলাকাবাসী হামলাকারীদের বাড়িঘরে আগুন দিয়েছে।
মঙ্গলবার বিকালে ঘোড়াদিয়া এলাকায় এ হামলায় নিহত জসিম মিয়া (১৮) ঘোড়াদিয়া কারিগরি ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র।
নরসিংদী সদর থানার ওসি বিপ্লব দত্ত জানান, ঘোড়াদিয়া এলাকার সুমন ও তার সহযোগী একই গ্রামের হাতকাটা শরিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছিল। এতে বাধা দিচ্ছিল জসিম মিয়া।
এর জেরে সুমন, শরিফসহ ৫/৬ জন বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির কাছে রাস্তায় জসিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বাড়িঘরে আগুন দেয়। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
ওসি আরো জানান, এ ব্যপারে থানায় মামলা হয়েছে। পুলিশ মাদক ব্যবসায়ী সুমনের বাবা বাতেন মিয়াসহ দুই জনকে আটক করেছে ।
