‘কায়সারের ইশারায় ৭ জনকে গুলি করে পাক সেনারা’
মুক্তিযুদ্ধের সময় সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের ইঙ্গিতে সিলেটের শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামের সাত কর্মকর্তা-কর্মচারীকে পাক সেনাদের গুলি করে নদীতে ফেলতে দেখেছেন প্রসিকিউশনের এক সাক্ষী।
রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কায়সারের বিরুদ্ধে সাক্ষ্য দেন দ্বাদশ সাক্ষী গৌরপ্রসাদ রায়।
গৌরপ্রসাদ রায় বলেন, ১৯৭১ সালের ২৯ মে শায়েস্তাগঞ্জ খাদ্য গুদাম থেকে সাত কর্মকর্তা-কর্মচারীকে ধরে নিয়ে খোয়াই নদীর পাড়ে এক সাড়িতে দাঁড় করায় পাকিস্তানি সেনারা। এর পর সৈয়দ কায়সার হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে তাদের গুলি করে হত্যা করে তারা।
এই সাক্ষী বলেন, খোয়াই নদীর ওপরের সেতু থেকে প্রায় ৫০০ গজ দূরে নদীপাড়ের আখ ক্ষেতের ভেতরে লুকিয়ে তিনি এই দৃশ্য দেখেছেন।
ওই সাতজন হলেন- শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামের ডিভিশনাল ফুড কন্ট্রোলার আব্দুল আজিজ, চীফ ইন্সপেক্টর আব্দুল খালেক, ওসি এলএসডি রেজাইল করিম, দারোয়ান গেদা মিয়া, আব্দুর রহমান, মাজত আলী এবং কেরিং কন্ট্রাকটর তারা মিয়া।
ব্যবসার সুবাদে শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামের এই কর্মকর্তা-কর্মচারীদের চিনতেন বলে জানান এই সাক্ষী।
৬৯ বছর বয়সী গৌরপ্রসাদ জানান, বর্তমানে তিনি হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এবং সেক্টার কমান্ডার্স ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৭১ সালে তিনি তৎকালীন হবিগঞ্জ মহকুমার ছাত্রলীগের সভাপতি ছিলেন, যখন তিনি হবিগঞ্জ বৃন্দাবন কলেজে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
তিনি বলেন, “১৯৭১ সালের ২৯ মে বিকেল সাড়ে ৪টার দিকে দেখতে পাই, ব্রিজের অ্যাপ্রোচের উপর কায়সার সাহেব দাঁড়িয়ে আছেন। নিচে নদীর তীরে খাদ্য গুদামের সাত কর্মকর্তা-কর্মচারীকে লাইন করে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
“এরপর দেখি কায়সার সাহেব হাতের ইশারায় কী জানি একটা সংকেত দিলেন। সঙ্গে সঙ্গে পাক সেনারা ব্রাশ ফায়ার করে লাইনে দাঁড়ানো সাত জনকে হত্যা করে।”
পরে কায়সারের সঙ্গে থাকা রাজাকার বাহিনীর লোকজন লাশগুলোকে ঠেলে নদীতে ফেলে দেয় বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।
সাক্ষী জানান, হত্যাকাণ্ড দেখার পর ভীত-সন্ত্রস্ত হয়ে ভারতের ত্রিপুরায় গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ শেষে চার নাম্বার সেক্টরের প্লাটুন কমান্ডার হিসেবে যোগ দেন তিনি।
তিনি বলেন, দেশ স্বাধীন হলে বাড়িতে ফিরে তিনি অভিযুক্ত কায়সারের বিরুদ্ধে আরো নৃশংসতার কথা শুনতে পান। পাশাপাশি জানতে পারেন কায়সার দেশ ছেড়ে লন্ডনে চলে গেছেন।
এই সাক্ষী আরো জানান, ১৯৭১ সালের ২৯ এপ্রিল বিকেলে হবিগঞ্জ থেকে স্থানীয় আওয়ামী লীগনেতা ডাক্তার সালেহ আহমেদ ও হিরেন্দ্রনাথ রায় ওরফে হিরুকে পাকবাহিনীকে নিয়ে ধরে আনে কায়সার। স্থানীয় সাহেব বাড়ির সামনে (বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হুসেনের বাড়ি) নির্যাতনের পর কায়সারের নির্দেশে তাদের গুলি করে হত্যা করে পাক সেনারা।
তার সাক্ষ্য শেষ হলে জেরা শুরু করেন আসামি পক্ষের কনিষ্ঠ আইনজীবী সাজ্জাদ এ চৌধুরী। পরে জেরা অসমাপ্ত অবস্থায় সোমবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
