যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে খোঁজ মিলছে না পাঁচজনের
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে খোঁজ মিলছে না আরো পাঁচ কিশোরের। তারা পালিয়েছে বলে কর্তৃপক্ষ বলছে।
পুলিশের সঙ্গে ‘বন্দি’ কিশোরদের সংঘর্ষের এক সপ্তাহের মধ্যে এ নিয়ে কেন্দ্রটি থেকে মোট সাত কিশোর নিখোঁজ হয়েছেন।
কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, “কয়েকজন কিশোর নিখোঁজ রয়েছে।”
গত ৪ মে কেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় দুইজন পালিয়ে যায়। শনিবার নিখোঁজ পাঁচজনকে ওই সংঘর্ষের জন্য প্রাথমিকভাবে দায়ী করা হয়েছিল।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে কেন্দ্রের পেছনের দেওয়াল টপকে পাঁচ কিশোর পালিয়ে যায়। নিয়ম অনুযায়ী সন্ধ্যার সময় কিশোরদের ভবনে ওঠানো হয়। কিন্তু ওই পাঁচ কিশোরকে ভবনে ওঠানো হয়নি।
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া কিশোরদের ধরার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। কিশোর উন্নয়ন কেন্দ্রে একজন সিনিয়র অফিসারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রটির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জিসান, আশিক বনি, বাপ্পীসহ ওই পাঁচ কিশোরের সঙ্গে উপ-পরিচালক শাহবুদ্দিন কথা বলেন। এরপর তিনি তাদের ডরমেটরিতে যাওয়ার নির্দেশ দিয়ে চলে যান। আধ ঘণ্টা পর তাদের আর খুঁজে পাওয়া যাইনি।
গত ৪ মে কেন্দ্রে দায়িত্বরত পুলিশদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ব্যাপক ভাংচুর চালায় বিক্ষুব্ধ কিশোররা। এতে দুই কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় কিশোররা কেন্দ্রের দুটি গাড়ি ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন ভবনের ২০টি কক্ষ ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই দিনই ‘বন্দি’ কিশোরদের দুই জন নাজমুল ও নাঈমুল পালিয়ে যায়। পুরো ঘটনা তদন্তে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।
