২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে দুই উপজেলা বিদ্যুৎহীন ৫ দিন

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় অর্ধলক্ষ বিদ্যুৎ গ্রাহক গত পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন রয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 11:16 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

উৎপাদন বছরের শুরুতেই হোঁচট খেয়েছে দুই উপজেলার ২৫টি চা বাগান। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাগান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অধীন বড়লেখা আঞ্চলিক কার্যালয়ে উপমহা-ব্যবস্থাপক (ডিজিএম) নীল মাধব বণিক পাঁচ দিন বিদ্যুৎ না থাকার কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, কালবৈশাখি ঝড়ে গত ৬ মে থেকে ফেঞ্চুগঞ্জের ‘মেইন গ্রিডে’ সমস্যা দেখা দিয়েছে এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইন পড়ে এ বিপর্যয় দেখা দেয়। লাইন মেরামতের কাজ চলছে, দ্রুত মানুষ বিদ্যুৎ পেয়ে যাবেন।

বড়লেখা উপজেলা সদরের ব্যবসায়ী নাজমুল ইসলাম, কামরুল ইসলাম, অমল কুমার ধর, মিহির দে, সমীরন পাল, গোবিন্দ দত্ত জানান, তারা এর স্থায়ী সমাধান চান। সমাধান না হলে কঠোর আন্দোলন শুরু হবে এবং বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করা হবে।

তাদের অভিযোগ, টানা ৫দিন ধরে বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে ফ্রিজে রাখা মাছ, মাংসসহ নিত্য প্রয়োজনীয় জিনিস। বিপাকে পড়েছেন বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো।

নিউ সমনবাগ চা বাগানের মহা-ব্যবস্থাপক মো. শাহজাহান বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মেশিনারিজ নষ্ট হচ্ছে। চায়ের কোয়ালিটি ‘মেনটেইন’ করা যাচ্ছে না। এখন তো দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না, তাই বাধ্য হয়ে ফ্যাক্টরি বন্ধ রাখতে হচ্ছে।

স্কয়ার গ্রুপের মালিকানাধীন শাহবাজপুর চা বাগানের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ আলী জানান, বছরের শুরুতেই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।