২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েজবোর্ড বৈষম্য ঘোচানোর তাগিদ সিইউজে'র

যথাযোগ্য মর্যাদা ও ওয়েজবোর্ড অনুযায়ী বেতন না পাওয়া পর্যন্ত অধিকার আদায়ের সংগ্রাম জোরদারের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 09:49 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত মে দিবসের সেমিনারে সাংবাদিক নেতারা ঘোষিত ৮ম ওয়েজ বোর্ডে জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রের সাংবাদিকদের মধ্যে বৈষম্য দূর করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানান।

প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারটিতে সিইউজে সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্ব করেন, যাতে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপুর্তমন্ত্রী ইহ্জিনিয়ার মোশাররফ হোসেন 'সাংবাদিকদের রুটি রুজির সংগ্রামের' সঙ্গে সংহতি প্রকাশ করেন।

তিনি চট্টগ্রামের সাংবাদিকদের আবাসন সংকট সমাধানে স্বল্পমূল্য ও কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেয়ার ঘোষণাও দেন।

সেমিনারে ‘মে দিবস: প্রেক্ষিত চট্টগ্রামের সংবাদপত্র’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের কেন্দ্রীয় মহাসচিব আবদুল জলিল ভূইয়া, সহ-সভাপতি আবু তাহের মুহাম্মদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজে’র সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এবং  কোষাধ্যক্ষ সাহানা শিউলী।

এতে আরো বক্তব্য দেন বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ।