২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহরণকারীদের’ ছাত্রলীগ থেকে বহিষ্কার

মুক্তিপণের দাবিতে এক ব্যবসায়ীকে ধরে নেয়ার অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 05:38 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

এই ছাত্রদের বিরুদ্ধে বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ রোববার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আমজাদ আলী।

বৃহস্পতিবার রাতে মোবাইলে রিচার্জ ব্যবসায়ী (ফ্লেক্সিলোড) ফরহাদ ইসলামকে তুলে নিয়ে জগন্নাথ হলের একটি কক্ষে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয় বলে পুলিশ অভিযোগ পায়।

এরপর শুক্রবার দুপুরে ফরহাদকে উদ্ধারের পাশাপাশি জগন্নাথ হল থেকে গ্রেপ্তার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র, বাপ্পী নামে ঢাকা কলেজের এক ছাত্র এবং আরফান পাটোয়ারি নামে এক ব্যবসায়ীকে।

গ্রেপ্তার চার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী হওয়ায় অভিযোগ ওঠার পর তাদের বহিষ্কার করা হয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল।

বহিষ্কৃতরা হলেন- কেন্দ্রীয় কমিটির উপক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ (সমাজ বিজ্ঞান বিভাগ), জগন্নাথ হল কমিটির সহসভাপতি  অনুপম চন্দ্র (ব্যবস্থাপনা), মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তি-বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (ইংরেজি), কর্মী হিমেল (ব্যবস্থাপনা)।

বিশ্ববিদ্যালয়ে কী পদক্ষেপ নিচ্ছে- জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের ঘটনায় আমরা সাধারণত প্রথমেই সাময়িক বহিষ্কার করে থাকি।”

তবে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ ক্যাম্পাসে না থাকায় রোববার এই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

গ্রেপ্তার ৫ জন কারাগারে

চার ছাত্রসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে শনিবার ঢাকার আদালতে পাঠায় পুলিশ।

তবে ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা চক্রবর্তী সেই আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাদের পক্ষে জামিনের আবেদন হলে সেই আবেদনও নাকচ করেন তিনি।

ছাত্রদের রিমান্ডে না পাঠালেও আরফান পাটোয়ারীকে তিন দিনের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।