২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া লাইসেন্সে পিস্তল কিনতে এসে ধরা

ভুয়া লাইসেন্স দিয়ে একটি পিস্তল কেনার পর দ্বিতীয় দফায় আরেকটি কিনতে এসে রাজধানীতে ধরা পড়েছেন কক্সবাজার চকরিয়ার ফজলুল করিম ও সাহাবুদ্দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 04:43 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

গত বৃহস্পতিবার তাদের আটক করলেও প্রায় দুইলাখ টাকা দিয়ে কেনা তাদের প্রথম অস্ত্রটি পুলিশ উদ্ধার করতে পারেনি।

পল্টন থানার ওসি মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৮ এপ্রিল মোনাফ হোসেন ফয়সল এবং ফজলুল করিম নামে দুজন ইমরান এন্ড কোম্পানি নামের একটি অস্ত্রের দোকান থেকে প্রায় ২লাখ টাকা দিয়ে একটি পিস্তল কিনে নিয়ে যায়।

মোনাফের নামে লাইসেন্স করা এই পিস্তলটি কেনার পর ওই দিনই ফজলুল করিম তার নামে একটি লাইসেন্স দেখিয়ে আরেকটি পিস্তল কিনতে চায়।

এরপর গত ৫ মে ফজলুল করিম বায়তুল মোকারমের ওই দোকানে এসে ফজল করিম নামে আরেকটি অস্ত্রের লাইসেন্স দেখিয়ে আরেকটি অস্ত্রের অর্ডার দেয়।

দোকান মালিকের সন্দেহ হলে তিনি ক্রেতা ফজলুলের কাছ থেকে লাইসেন্সটি নিয়ে তাকে ৮ মে অস্ত্র নিতে আসতে বলেন।

এর মধ্যে তিনি কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারেন, এই লাইসেন্সগুলো জাল।  তখন তিনি পুলিশকে ঘটনাটি জানান।

পুলিশ কর্মকর্তা মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ওই চক্রকে গ্রেপ্তারের জন্য প্রস্তুতি নেয়। বৃহস্পতিবার ফজলুল করিম সাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে অস্ত্র নিতে এলে তাদের গ্রেপ্তার করা হয়।

দুজনকে দুদিনের রিমান্ডে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিক্রি হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার এবং ফয়সলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।