২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিজমি রক্ষা কমিটির সভাপতির ধানের গাদায় আগুন

বাগেরহাট কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতির বাড়িতে ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়নের রণজিৎপুর গ্রামে সুশান্ত দাসের বাড়িতে এই ঘটনা ঘটে।

বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার স্বপন কুমার ভক্ত জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ধান, একটি পাওয়ার টিলার ও তিনটি খড়ের গাদা পুড়ে গেছে বলে জানান তিনি।

শনিবার সকালে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করেনি।

সুশান্ত দাস দাবি করেছেন, আগুনে তার অন্তত ৬০ মণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাগেরহাট কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি সুশান্ত দাস বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী-কাটাখালী মৌজায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীকে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন।

সুশান্ত দাস বলেন, রাত আড়াইটা-৩টার দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে বাড়ির উঠানে রাখা ধান, ধানের গাদা, পাওয়ার টিলার ও তিনটি খড়ের পালায় আগুন দিয়েছে। উঠানে প্রায় একশ মণ ধান রাখা ছিল। এরমধ্যে অন্তত ৬০ মণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, রামপাল উপজেলার দেবীপুর এলাকার আবু তৈয়বসহ কয়েকজন গত ১৮ এপ্রিল রণজিৎপুর গ্রামের কৃষ্ণ দাসের বাড়ির বাগানের পানের বরজের পান এবং ইউপি সদস্য সঞ্জয় দাসের বাড়ির বাগানের  নারকেল চুরি করে ধরা পড়ে। পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। বৈঠকে তারা দোষ স্বীকার করে এই এলাকায় আর কখনো আসবে না বলে লিখিতভাবে অঙ্গীকারও করে।

কিন্তু পরদিন রাতে এই গ্রামের অধিকাংশ বাড়ির বাল্ব চুরির ঘটনা ঘটে। ওইদিন  দু®কৃতিকারীদের মধ্যে সাহেব নামে একজনকে চুলকাঠি বাজারে ধরে মারধর করেন তিনি।

তিনি দাবি করেন, “মারধরের জের ধরে তারা সংঘবদ্ধ হয়ে আমার বাড়ির ধান, পাওয়ার ট্রিলার ও খড়ের পালায় অগ্নিসংযোগ করেছে।”

বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান বলেন, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।