সাতকানিয়া-লোহাগাড়ায় জামায়াতের ১৩ জন গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সারারাত দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর শনিবার সকালে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া অঞ্চলের এএসপি এ কে এম এমরান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলা আছে।
“তাদের মধ্যে একজন বাবা জাহাঙ্গীর (৩৫)। সে শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। তার বিরুদ্ধে খুন, অস্ত্র ও নাশকতার মোট আটটি মামলা আছে।”
জাহাঙ্গীরকে সাতকানিয়ার মাদারবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে এএসপি এমরান জানান।
