২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির হল থেকে এক অপহৃতকে উদ্ধার, গ্রেপ্তার ৬

এক ব্যবসায়ীকে ধরে নিয়ে মুক্তিপণ দাবি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 12:39 AM

Updated : 22 Aug 2022, 06:15 PM

অপহৃত ব্যবসায়ী ফরহাদ ইসলামকে শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় বলে বলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান ।

এ ঘটনার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনুপম চন্দ্র (ব্যবস্থাপনা), হিমেল (ব্যবস্থাপনা), মামুন (ইংরেজি), সৃজন ঘোষ সজিব (সমাজ বিজ্ঞান), ঢাকা কলেজের শিক্ষার্থী বাপ্পী এবং আরফান পাটোয়ারী নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে সৃজন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপক্রীড়া বিষয়ক সম্পাদক।

ওসি সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোবাইলে রিচার্জ ব্যবসায়ী (ফ্লেক্সিলোড) ফরহাদকে অপহরণ করে জগন্নাথ হলের গোবিন্দ চন্দ্র দেব ভবনের ১৭ নম্বর কক্ষে অটক রেখে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে গ্রেপ্তাররা। ১৭ নম্বর কক্ষটি ছাত্রলীগ নেতা সৃজনের।

দুপুরে শহীদ মিনার এলাকায় ফরহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা নেয়ার সময় আরফানকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী বাকিদের জগন্নাথ হল থেকে ধরা হয়।

উদ্ধার হওয়ার পর ফরহাদ সাংবাদিকদের বলেন, পাঁচ মাস আগে তিনি আর আরফান যৌথভাবে ব্যবসা শুরু করেন।

“কিছুদিন আগে আরফান আমার পরিচিত একজনকে পাঁচ লাখ টাকা ধার দেয়।সেই টাকা আমার কাছ থেকে আদায় করতেই আমাকে অপহরণ করে।”

ফরহাদ ও আরফান দুজনই চাঁদপুরের বাসিন্দা।

এ ঘটনায় ফরহাদের বাবা মোহাম্মদ তাজুল ইসলাম রাতে শাহবাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনা সত্যি। ইতিমধ্যে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।