লিফটের নিচে পড়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু
রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাড়িতে লিফটের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ডিওএইচএসের ছয় নম্বর রোডের বাড়িতে ওই দুর্ঘটনায় নিহত মো. আবু সুফিয়ান (৪৫) সেখানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
ক্যাণ্টনম্যান্ট থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বলেন, সকালে সুফিয়ান ছয়তলা থেকে লিফটের মাধ্যমে নিচে নামছিলেন।
কিছুদূর নেমে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে লিফটটি মাঝপথে আটকে যায়। পরে লিফটম্যান তৃতীয়তলায় এসে চাবির মাধ্যমে লিফটের দরজা খুলে দেন।
লিফটম্যানের বরাত দিয়ে এসআই লিয়াকত বলেন, সুফিয়ানকে নামতে নিষেধ করার পরও তিনি তড়িঘড়ি করে লাফিয়ে তৃতীয় তলায় নামতে গিয়ে দেহের ভারসাম্য রাখতে না পেরে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান।
পরে ওপর থেকে লিফটও নিচে নামলে সুফিয়ান মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানান এসআই লিয়াকত।
পানিতে ডুবে শিশুর মৃত্যু
এদিকে বেলা সাড়ে ১১ টায় রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় পুকুরে গোসল করতে নেমে সালমা খাতুন (৯) নামে তৃতীয় শ্রেণির ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, সালমাকে শাহীন ও মোজ্জাফর নামে দুই ব্যক্তি হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাদের বরাত দিয়ে মোজাম্মেল বলেন, বাসা থেকে একটু দূরে সালমা সমবয়সীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যান। তার সঙ্গে থাকা শিশুদের চিৎকারে এগিয়ে এসে শাহীন ও মোজ্জাফর সালমাকে পানির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
লাশ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।
