ক্যাবল লাইন বিছিন্ন করায় হামলা
লক্ষ্মীপুর সদর উপজেলায় সংযোগ বিচ্ছিন্ন করায় স্যাটেলাইট টিভি চ্যানেলের ক্যাবল অপারেটরের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টায় ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের এ ঘটনার পর হামলায় চার ক্যাবল অপারেটর কর্মীসহ আটজন আহত হন।
আহতরা হলেন রিপন, রিমন, খুরশিদ, মোর্শেদ, শরীফ ও হাওলাদারসহ অন্যরা। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন চরভুতা গ্রামের ক্যাবল গ্রাহক মাকছুদ এবং সোহেল।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে সদর থানার এএসআই মুরাদ হোসেন জানান, চরভুতা গ্রামে কয়েকমাস ধরে ক্যাবল সংযোগের বিল না দেয়ায় মাকছুদ ও সোহেলের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় স্থানীয় সোহেল বি বি এস ক্যাবল নেটওয়ার্কের কর্মীরা।
কয়েকদিন আগে এ নিয়ে ক্যাবল নেটওয়ার্ক কর্মীদের সঙ্গে ওই গ্রাহকদের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গ্রাহক মাকছুদ ও তার ছেলে রকি এবং সোহেল লোকজন নিয়ে ক্যাবল অপারেটর কর্মীদের ওপর হামলা করে।
এ সময় রিপন, রিমন, খুরশিদ,মোর্শেদ, শরীফ ও হাওলাদারসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে তারা।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া করে মাকছুদ ও সোহেলকে আটক করে পুলিশে দেয়।
