২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহতের গুজবে গাজীপুরে অবরোধ-ভাংচুর

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেছে শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে  এ ঘটনায় অন্তত ১০ পথচারী আহত হয়েছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, খাবার খেতে যাওয়ার সময় পূর্বানী গ্রুপের জিহান টেক্সটাইল লিমিটেড কারখানার এক শ্রমিক যাত্রীবাহী লেগুনার চাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কোনাবাড়ির একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

ওই শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ওই কারখানার কয়েকশ’ শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়।

খবর পেয়ে আশপাশের আরো কয়েকটি কারখানার শ্রমিকও তাদের সঙ্গে যোগ দেয়।

তারা মহাসড়কে ২০-২২টি যানবাহন ভাংচুর করে এবং তাদের ছোড়া ইটের আঘাতে অন্তত ১০ জন পথচারী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।