২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল থেকে শিক্ষিকাকে তুলে নেয়ার চেষ্টা

মাগুরার একটি প্রাথমিক বিদ্যালয় থেকে এক শিক্ষিকাকে অস্ত্রের মুখে তুলে নেয়ার চেষ্টা চালিয়ে স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয়েছে এক দল লোক।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 03:13 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

লাবনী খাতুন নামে ওই শিক্ষিকা বলেছেন, তাকে তুলে নিতে যারা এসেছিল, তাদের পাঠিয়েছিল তারই বাবা।

পরিবারের অমতে বিয়ে করে এক সপ্তাহ আগে বাড়ি ছেড়ে আসেন এই শিক্ষিকা। তার বাড়ি কাটাখালী, তিনি নিজের পছন্দে পাশের এলাকা শেখ পাড়ায় এক যুবককে বিয়ে করেছেন।

লাবনী সাংবাদিকদের বলেন, এক বছর আগে বিয়ে করলেও বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। ঘটনাটি জানাজানি হলে এক সপ্তাহ আগে তিনি বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে আসেন।

“এতে ক্ষিপ্ত হয়ে বাবা আমার খালাতো ভাইসহ ভাড়াটিয়া লোক ঠিক করে আমাকে  তুলে নিতে চেয়েছিল,” বলেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শামীমা খাতুন জানান, মাইক্রোবাস ও একাধিক মোটর সাইকেলে ধারাল অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা স্কুলে ঢুকে। তারা লাবনীকে তুলে নেয়ার জন্য টানাটানি শুরু করে।

এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে পাশের বাজার থেকে লোকজন এসে দুর্বৃত্তদের ধাওয়া করে।

মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা পালিয়ে গেলেও মাইক্রোবাসসহ কয়েকজনকে জনতা আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি ফোনে জানালে তিনি তাৎক্ষণিকভাবে স্কুলে পুলিশ পাঠান।

সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পুলিশ তিনজনকে আটক করেছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।