২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৪ জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 01:38 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বুধবার রাতভর বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বাঁশখালী থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে উপজেলার সাধনপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মো. মহিউদ্দিনসহ (৪৫) ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে নাশকতার জড়িত ছিল বলে জানান ওসি।

যে কোনদিন যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে।

দক্ষিণ চট্টগ্রামের জামায়াত অধ্যুষিত বাঁশখালীতে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর রায় ঘোষণার পর ব্যাপক সহিংসতা চালায় জামায়াত ইসলামীর সমর্থকরা।

এসময় তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের পাশাপাশি উপজেলা আদালত ভবন জ্বালিয়ে দেয়।

এদিকে লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানেও বুধবার রাতে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান।

এছাড়া সাতকানিয়ার এওচিয়া থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাতকানিয়া থানার ওসি মো. খালেদ।