২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে ডিআরইউ নেতাদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্য সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 09:55 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

বুধবার ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দল বঙ্গভবনে যান।

ডিআরইউ’র পক্ষ থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি’র হত্যা মামলা সম্পর্কে রাষ্ট্রপতিকে জানানো হয় এবং এ ব্যাপারে তার সহানুভূতি কামনা করা হয়।

রাষ্ট্রপতি বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের অপরাধ উদঘাটনে সাংবাদিকরা তাদের দক্ষতার মাধ্যমে অনুসন্ধান করে সরকারকে সাহায্য করে থাকে।”

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, “সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সংসদে যা ঘটে তা প্রচার করে। সংসদীয় কর্মকাণ্ডের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে এসব সংবাদ সহযোগিতা করেন।”

ডিআরইউ প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতিকে সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তারা এ সময় রাষ্ট্রপতিকে ডিআরইউ’র জমিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি ডিআরইউকে সার্বিক সহযোগতিার আশ্বাস দেন।

তথ্য কমিশনের প্রতিবেদন পেশ

এদিকে বুধবার রাষ্ট্রিপতির কাছে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০১৩ পেশ করেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক।

এসময় তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের, সাদেকা হালিম এবং কমিশন সচিব মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান তথ্য কমিশনার বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে জানান। তারা কমিশনের বিভিন্ন সমস্যাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।