২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে জাল পর্চা তৈরি, জেলা প্রশাসনের কর্মচারী গ্রেপ্তার   

গোপালগঞ্জে জমির জাল পর্চা তৈরির অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের এক অফিস সহকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় তার কাছ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিল ও বেশকিছু জাল পর্চা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, অফিসারদের সিল স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ওহিদুর রহমান দীর্ঘদিন ধরে জাল পর্চা তৈরি ও  সরবরাহ করে আসছিলেন।

এতে পর্চা গ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে পর্চা হাতে পেলেও তারা প্রতারিত হয়েছেন। একটি জাল পর্চা তৈরি ও সরবরাহ করে তিনি প্রচুর টাকা নেন।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় ওই অফিসের রেকর্ড কিপার আতিয়ার রহমান বাদী হয়ে ওহিদুর রহমানকে আসামি করে একটি  জাল-জালিয়াতির মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, জায়গাজমির পর্চার জন্য জেলা প্রশাসকের কর্যালয়ের ফ্রন্ট ডেক্সে আবেদন করার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের টেবিল ঘুরে কাজ ও স্বাক্ষর শেষে রেকর্ড রুম থেকে পর্চা সরবরাহ করা হয়।

পর্চা প্রদানের এ প্রক্রিয়া সম্পন্ন করতে ৭/১৫ দিন সময় লাগে।

কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেক্সের অফিস সহকারী ওহিদুর রহমান অফিসারদের নামের সিল বানিয়ে তাদের স্বাক্ষর জাল করে টাকার বিনিময়ে দ্রুত সময়ের  মধ্যে পর্চা সরবরাহ করে আসছিলেন।

ওহিদুর রহমান গোপালগঞ্জ শহরের বেদগ্রামের বজলার রহমানের ছেলে।